স্পোর্টস ডেস্ক
ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
নেইমারের দল পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেয়। সে ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড় দিয়েগো ডালোটের একটি শট বক্সে থাকা পিএসজি খেলোয়াড় প্রেসনেল কিম্পেমের হাতে লাগে। রেফারি প্রথমে পেনাল্টি দিতে সম্মত না হলেও পরে ভিএআরের কল্যাণে পেনাল্টি পায় ইউনাইটেড। সেখান থেকে গোল করে পিএসজির বিদায়ঘণ্টা বাজায় ম্যানইউ।
গ্যালারিতে থাকা নেইমার পরে তার ইনস্টাগ্রামে এ নিয়ে লেখেন, ‘এটা একটা অসম্মান। আর উয়েফা এমন চারজন মানুষকে ভিএআরের দায়িত্ব দিয়েছে যারা ফুটবল মোটেও বোঝে না। এটা কখনোই হ্যান্ডবল নয়। আপনি কীভাবে শরীরের পেছনে হ্যান্ডবল করবেন?’
পোস্টটি করার পর উয়েফা জানায় এ নিয়ে তদন্ত করবে তারা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির নিয়ন্ত্রণ, নীতি ও শৃঙ্খলা বিষয়ক কমিটি ব্রাজিল তারকাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেন।
তারা জানান যে পোস্টটির মাধ্যমে উয়েফার শৃঙ্খলা নীতিমালার ১৫ (১/ডি) অনুচ্ছেদ ভঙ্গ করার কারণেই এই নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর ফলে আগামী মৌসুমের ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বের প্রথমার্ধ খেলতে পারবেন না নেইমার।
