আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক দিন পর ঢাকার উত্তরার দক্ষিণখানের উদয়ন স্কুলের পাশে সোয়ান গার্মেন্ট, ম্যককয়া সোয়েটারর্স এবং সার ডেনিমের ১০ তলা ভবনে থেকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়েই তাদের গাড়ি উত্তরার দক্ষিণ খানের মোল্লারটেকে যায়। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট কাজ করেছে। ম্যকওয়া গার্মেন্টের দ্বিতীয় তলার গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়। ১২ তলা ভবনে ফায়ার সার্ভিসের দুটি শক্তিশালী ক্রেন এই নির্বাপণের কাজে ব্যবহৃত হয়েছে।
আগুনের সংবাদ পেয়ে উদ্ধার কাজ তদারকির জন্য দুর্ঘটনাস্থলে পৌছেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রি. জে. (অব.) আবু নাঈম মো. সাইদউল্লাহ, র্যব-১ এর অধিনায়ক লে. কর্নেল রাশেদুল আলম এছাড়াও উপস্থিত আছেন উত্তরা জোনের ডিসি।
এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৪ জন নিহত হন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
