নারী প্রিমিয়ার লিগ
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল বিশাল ব্যবধানে জয় পেয়েছে দুই শীর্ষস্থানীয় ক্লাব আবাহনী ও মোহামেডান। আবাহনী ১০ উইকেটে হারায় কেরানিগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিকে। অন্যদিকে মোহামেডান ২৬০ রানের বড় জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে।
বিকেএসপির তিন নম্বর মাঠে কেরানিগঞ্জ মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায়। আবাহনীর ঝুমুর আক্তার একাই নেন চারটি উইকেট। জবাব দিতে নেমে এই স্কোর তাড়া করতে আবাহনীর লাগে মাত্র সাত ওভার। শামিমা সুলতানা ৩৮ ও শারমিন সুলতানা ১৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন ঝুমুর।
এদিকে বিকেএসপির চার নম্বর মাঠে মোহামেডান নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে বোর্ডে জমা করে ৩২৬ রান। সালমা খাতুন ৪৬ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন। শারমিন আক্তার সুপ্তা ৫৬ ও নুজহাত তাসনিয়া ৪৩ রান করেন।
জবাবে মাত্র ৬৬ রান তুলেই অলআউট হয়ে যায় গুলশান। ঋতু মনি নেন চারটি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন সালমা খাতুন।
