চার মাসেও চেয়ারম্যান নিয়োগ হয়নি

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
পার্বত্য চট্টগ্রামের স্পর্শকাতর ভূমি সমস্যা তথা ভূমি বিরোধের নিষ্পত্তিকল্পে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কার্যক্রম গত চার মাস ধরে অনেকটা স্থবির হয়ে পড়েছে। গত ১৯ জুলাই ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চেয়ারম্যান নিয়োগ অথবা বর্তমান চেয়ারম্যানের মেয়াদ বৃদ্ধি এবং নতুন করে সচিব নিয়োগ দেয়ার ব্যাপারে সরকার এখনো কোন নির্দেশনা দেয়নি। ফলে ভূমি কমিশনে এ পর্যন্ত প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে যে বিচার কাজ শুরু করেছিল তাও হঠাৎ থমকে গেছে। অন্যদিকে আইনের কতিপয় ধারা সংশোধনে সরকারের সময়ক্ষেপণের কারণে তিনটি পার্বত্য জেলার ভূমি সমস্যা সমাধানে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন ১৩ বছর পরে কাজ শুরু করেও অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারেনি। তাই পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের স্পর্শকাতর ভূমি সমস্যা যেমন ক্রমশ জটিল হচ্ছে তেমনি নতুন রাজনৈতিক ও সামাজিক সংকট তৈরি হচ্ছে। খাগড়াছড়িতে ২০১০ সালের ৩০ জুন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের প্রধান কার্যালয় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করলেও প্রয়োজনীয় আইন ও প্রয়োজনীয় লোকবল না থাকায় কমিশন কোন কাজই শুরু করতে পারেনি বলে জানা গেছে। এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জন্য প্রণীত আইনের সংশোধন করা জরুরি। তারা আরো বলেছেন, আইন সংশোধন ছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কাজ শুরু করা বা ভূমি জরিপ করা সম্ভব নয়। বর্তমানে যে আইন রয়েছে, তা পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। ভূমি কমিশনের আইন যাতে চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ হয় তার জন্য সরকারের কাছে প্রস্তাবনা দেয়া হয়েছে। এসব আইন সংশোধন করার ব্যাপারে সরকার যত দ্রুত উদ্যোগ গ্রহণ করবে ততই মঙ্গল। উল্লেখ্য, তারা দু'জনই পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সদস্য। পাহাড়ি জনগণের প্রত্যাশা, পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশনের কার্যক্রম গতিশীল ও কার্যকর করতে অবিলম্বে চেয়ারম্যান ও সচিব নিয়োগের উদ্যোগ সরকার নেবে।