সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহের মিয়া নামের এক জনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরোও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত তাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিনের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে। এ মামলায় অপর আসামি আব্দুল কুদ্দুস, ইউনুছ মিয়া, মো.আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট হতে ২০ লক্ষ টাকা সমমূল্যের ২শ গ্রাম হেরোইনসহ ৪জনকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। ঐ দিন র্যাব বাদী হয়ে ৪ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালে ১৯ টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুহেল আহমদ ছইল মিয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
