যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন নাফিস

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৬:৪৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এফবিআই'র হাতে গ্রেপ্তারকৃত বাংলাদেশি ছাত্র কাজী রেজওয়ানুল আহসান নাফিস আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আইনজীবীর মাধ্যমে আদালতে দেয়া বক্তব্যে নাফিস তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেন। নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন শক্তিশালী বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গত ১৭ অক্টোবর এফবিআই ফাঁদ পেতে গ্রেপ্তার করে নাফিসকে। ২১ বছর বয়সী নাফিসকে গ্রেপ্তারের পর গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের গ্রান্ড জুরি তার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। এরপর মঙ্গলবার ব্রুকলিনের আদালতে হাজির করা হয় নাফিসকে। এ সময় কয়েদির পোশাক পরা নাফিস আদালতে কোনো কথা না বললেও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেয়া তার আইনজীবী আদালতে নাফিসের বক্তব্য তুলে ধরেন। ওই বক্তব্যে নাফিস নিজেকে নির্দোষ দাবি করেন। নাফিসের বিরুদ্ধে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্যে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের চেষ্টা এবং একটি আন্তর্র্জাতিক সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আইনজীবীর মাধ্যমে নাফিস আদালতকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই ভিত্তিহীন। আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকরা নাফিসের আইনজীবী হেইডি সিজারের মুখোমুখি হলেও তিনি কোনো কথা বলেননি। উল্লেখ্য, গ্রেপ্তারের পর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নাফিসের সঙ্গে কথা বলার জন্য কন্সুলার এঙ্সে চাওয়া হয়েছিল। ওই সময় নাফিস কথা বলতে রাজি নয় বলে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল। এই মামলায় দোষী সাব্যস্ত হলে নাফিসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে দোষ স্বীকার করলে এক্ষেত্রে শাস্তির মেয়াদ কমতে পারে।