অন্য কারখানায় চাকরিতে অগ্রাধিকার পাবে তাজরীনের শ্রমিকরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৬:৪৭
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের পার্শ্ববর্তী অন্য কারখানায় চাকরি নেয়ার জন্য যোগাযোগ করতে বলেছে বিজিএমইএ। অন্য কারখানায় এসব শ্রমিক অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবেন। এছাড়া চলতি মাসের বেতন আগামী ১ ডিসেম্বর পরিশোধ করা হবে। সেইসঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসা দিতে ইতিমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল বুধবার বিজিএমইএ মহাসচিব এহসান উল ফাত্তাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত কয়েকজনকে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। এছাড়া অন্য আহতদের বিজিএমইএ'র অতিরিক্ত সচিব জগলুল হায়দারের সঙ্গে যোগাযোগ (০১৮১৭০৪৪৬৭৭, বিজিএমইএ-৮১৪০৩১০) করতে বলা হয়েছে।