মিঠাপুকুরের ২০ শ্রমিক এখনও নিখোঁজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৭:০৮
ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনায় সেখানে কর্মরত রংপুর মিঠাপুকুর উপজেলার ২০ শ্রমিকের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের আত্মীয়-স্বজন গত ৫ দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিঠাপুকুর থানা ও ঢাকায় যোগাযোগ করেও তাদের স্বজনদের সন্ধান পাচ্ছেন না। এ অবস্থায় ঐ ২০ পরিবারের সদস্যরা অনেকেই খাওয়া-দাওয়া ছেড়ে এবং তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং আমরা নিজেরা খোঁজ-খবর নিয়ে জেনেছি এখনও ২০ শ্রমিক নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তিনি গত মঙ্গলবার রংপুরের জেলা প্রশাসকের কাছে ফ্যাঙ্ বার্তা পাঠিয়ে ঐ খবর জানিয়েছেন। এ দিকে ঐ অগি্নকাণ্ডে ১৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ফ্যাঙ্ বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহত এবং নিখোঁজদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতাসহ অন্যান্য সাহায্য-সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, তাজরিন ফ্যাশন লিমিটেড থেকে উদ্ধার হওয়া যেসকল মৃতদেহের এখনও পরিচয় সনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে রংপুরের আর কেউ আছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে। এদিকে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এমপি এইচএন আশিকুর রহমান মঙ্গলবার রাতে এলাকায় এসেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য-সহযোগিতা করবেন বলে জানা গেছে। জানা যায়, মঙ্গাকবলিত রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ, রানীপুকুর, বালারহাট, লতিবপুর, ময়েনপুর ও মিলনপুর ইউনিয়নের শতাধিক শ্রমিক জীবিকা নির্বাহের জন্য ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে কাজ করে আসছিল। গত শনিবার ঐ ফ্যাক্টরিতে ভয়াবহ অগি্নকাণ্ডে হতভাগ্য ১৭ শ্রমিক পুড়ে মারা যান এবং নিখোঁজ রয়েছেন ২০ জন শ্রমিক।