মিয়ানমারের কারাগারে টেকনাফের ৮ জেলে

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৭:০৮
টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহূত ৮ জেলে মাসাধিককাল যাবৎ মিয়ানমারের কারাগারে আটক রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের লোকজনের অভিযোগ, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেছে। তাদের ফেরত আনার জন্য নৌকার মালিকরা বিজিবির কাছে আবেদন জানিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, গত ১৬ সেপ্টেম্বর ৭টি ছোট নৌকায় করে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যায়। ওইসব প্রান্তিক জেলে অন্যের নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরে থাকে। নৌকাসহ অপহূত হলেও পরে ভাসমান অবস্থায় নাফ নদীতে নৌকাগুলো জালসহ পাওয়া যায়। অপহূত টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার সৈয়দ কাছিম, জাবেদ আলম, আয়ুব আলী, মো. আবদুল্লাহ, হাবিব উল্লাহ, মনু, জাকির হোসেন ও নবী হোসেন এখন পর্যন্ত ফিরে আসেনি। তাদের পরিবারের লোকজন ধারণা করছিল, এক সময় নাসাকা বাহিনী এসব নিরীহ জেলেকে ফেরত দিবে। কিন্তু দীর্ঘদিনেও ফেরত না আসায় গত ২১ নভেম্বর শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার নৌকা মালিকরা জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকিতে লিখিত আবেদন করেছে। বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জেলে অপহরণ বা অপহূত জেলেদের উদ্ধারের কোন আবেদন তিনি পাননি। তবে নৌকা মালিক আলী জোহার, মো. তৈয়ব ও আবদুস শুকুর সাংবাদিকদের জানান, তারা আবেদনটি বিজিবির শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকিতে জমা দিয়েছেন।