আবারো পেছালো রায়ের তারিখ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৭:০৮
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার রায়ের সম্ভাব্য তারিখ গতকাল বুধবার ঘোষণা করার কথা থাকলেও তা আবারো পিছিয়ে গেল। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ আদালতের বিচারক শাহেদ নূরুদ্দিন আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। বিচারিক আদালতের স্পেশাল পিপি আবু আব্দুল্লাহ ভুঁইয়া জানান, বুধবার মামলার শুনানি চলাকালে আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম আদালতে আবারো সময় প্রার্থনা করেন। অজুহাত হিসাবে তিনি বরাবরের মতোই তাদের সিনিয়র আইনজীবী টি এম আকবরের অনুপস্থিতির দোহাই দেন। উল্লেখ্য, আসামি পক্ষ গত ৬ মাস যাবৎ বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে আদালতে সময় প্রার্থনা করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করে চলেছে। মামলার সকল স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবার পর আসামি ও রাষ্ট্র পক্ষের যুক্তিতর্কের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। ২০০৫ সালের ১৭ নভেম্বর সমকাল পত্রিকার তৎকালীন ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস নিজ অফিসে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন।