গাজীপুরে জেএমবি'র বোমা হামলার ৭ম বার্ষিকী আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৭:০৮
আজ ২৯ নভেম্বর গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি'র আত্মঘাতী বোমা হামলার ৭ম বার্ষিকী। ২০০৫ সালের এ দিনে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জামায়াতে মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা হামলার ঘটে। এতে ৪ জন আইনজীবী, বিচারপ্রার্থী, আত্মঘাতি জঙ্গিসহ ৯জন নিহত হয়। হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরো একজন আইনজীবী মারা যান। বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচার প্রার্থীরা হলেন আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গীর নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম। জেএমবির বোমা হামলার ৭ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকমিছিল, মিলাদ মাহফিল ও স্মরণসভা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুল আলম প্রধান এ সকল কর্মসূচিতে সকল আইনজীবীকে অংশ নেয়ার জন্য আহবান জানিয়েছেন।