বেতাগীতে কলেজ ছাত্র রাজিব হাওলাদারের উপর উপজেলার মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল মৃধা ও তার পুত্র শাওনের হামলার দাবিতে এলাকাবাসী বুধবার বিক্ষোভ - সমাবেশ, বৃহস্পতিবার মানববন্ধন ও সকাল-দুপুর অর্ধদিবস হরতাল পালন করে। মোকামিয়া বাজারে আঃ রশিদ মুন্সি ও মোঃ শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মীর মোশারেফ, মেজবাহউদ্দিন সগির,সাইদুজ্জামান মামুন, হাফিজুর রহমান সোহাগ, ফজলুল হক তোতা, হারুন অর রশিদ প্রমুখ। এসময় বরগুনা জেলা প্রশাসক মোঃ আব্দুল ওয়াহাব ভুঞা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলেজ শিক্ষার্থী রাজিবকে বাড়িতে ডেকে নিয়ে হাত-পা রশি দ্বারা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মম ভাবে নির্যাতন করা হয়। বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাজিবকে উদ্ধার করতে সক্ষম না হলেও বাবুল মৃধা রাজিবকে বেতাগী হাসপাতালে ভর্তি করে নির্যাতনকারীসহ সে কেটে পড়ে। রাজিবের ভাই হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্যাতনকারীরা শাসক দলের লোক হওয়ায় এ ঘটনায় থানায় মামলা করতে সাহস পাননি। পরে বৃহস্পতিবার বরগুনা ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেন।
এদিকে মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল মৃধা রাজিব তাকে হত্যার চেষ্টা করছিল বলে বেতাগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
