ডুমুরিয়ায় রাস মেলা উপলক্ষে পুণ্যস্নান

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৬
রাস মেলা উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার জিয়েলতলা মহামায়া আশ্রমে পূজা শেষে সনাতন ধর্মাবলম্বীদের উপজেলার তেলীগাতী নদীতে ভক্তদের পুণ্যস্নানের আয়োজন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার মির্জাপুর, বান্দা, শোভনা, মাগুরখালী, রংপুর এলাকায় পুণ্যস্নানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনজিত সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-অর-রশিদ, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যাপক নিমাই রায়। ভাঙলো মিলন মেলা এদিকে মংলা সংবাদদাতা জনান, সুন্দরবনের সাগরপাড়ে শেষ হলো শতবর্ষী রাস উত্সব। সমুদ্র তীরের দুবলার চরের আলোরকোল উপকূলের নোনা পানিতে হাজারো তীর্থযাত্রীর পুণ্যস্নান আর আনন্দপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে বুধবার ভোরে শেষ হয়েছে সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ রাস উত্সব। এবার রাসকে ঘিরে সুন্দরবনের সাগরপাড়ের দুবলার চরে বসেছিল হাজারো মানুষের মিলনমেলা। বঙ্গোপসাগর পাড়ের দুবলারচরে রাসমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান ছাড়াও বিদেশ থেকে ছুটে আসেন হিন্দু-মুসলমানসহ সব ধমের্র হাজার হাজার দর্শনার্থী । উত্সবকে ঘিরে দুবলারচরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে স্থাপন করা হয় রাধা-কৃঞ্চের যুগল প্রতিমা। মঙ্গলবার সন্ধ্যার পর মেলার আয়োজক মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান আকাশে ফানুস উড়িয়ে উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক।