আজ পলাশকান্দা ট্র্যাজেডি দিবস

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৯
আজ (৩০ নভেম্বর) পলাশকান্দা ট্র্যাজেডি দিবস। ১৯৭১-এর এই দিনে ময়মনসিংহের গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সাথে এক সম্মুখযুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মনজু, মতি ও জসিম। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৯৭১ সালের নভেম্বরে গৌরীপুরে মুজিব বাহিনীর একটি গেরিলা দল গৌরীপুর ও ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী গ্রাম পলাশকান্দায় অবস্থান নেয়। মুজিব বাহিনীর কমান্ডার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে মো. তমিজ উদ্দিন, আনোয়ারুল হক খায়ের, আ. জলিল, নুরুল আমীন, আ. সাত্তার, এ কে এম নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম মনজু, সিরাজুল ইসলাম, মোখলেছুুর রহমান চাকদার, মতিউর রহমানসহ ৪০ জন মুক্তিযোদ্ধার একটি দল ছিল। তাদের উদ্দেশ্য ছিল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলকারী পাক হানাদার বাহিনীর কনভয় ও ক্যাম্পের উপর হামলা করা। কিন্তু একই গ্রামের রাজাকার মজিদ মাষ্টার মুক্তিযোদ্ধা গেরিলা দলের অবস্থানের খবর অত্যন্ত সুকৌশলে পৌঁছে দেয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে হানাদার বাহিনীর ক্যাম্পে। হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের তিনদিকে ঘিরে ফেলে এবং বৃষ্টির মত গুলি ছুঁড়তে থাকে। কমান্ডার মুজিবুর রহমানও পাল্টা গুলি ছোঁড়ার আদেশ দেন। মুক্তিযোদ্ধারাও দুর্বার প্রতিরোধ গড়ে তুলেলেও পাক বাহিনীর ভারী অস্ত্রের মুখে পিছু হটতে বাধ্য হন। যুদ্ধরত অবস্থায় জসিম উদ্দিন হানাদার বাহিনীর ব্রাশফায়ারে শহীদ হন। এ সময় হানাদারের হাতে আহত অবস্থায় ধরা পড়েন আনোয়ারুল ইসলাম মনজু, মতিউর রহমান ও সিরাজুল ইসলাম। ধরাপড়া তিন মুক্তিযোদ্ধাকে হানাদার ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন করে পরে তাদের হত্যা করে।