মনোহরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৪২
কুমিল্লার মনোহরগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। উপজেলার কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রহিমা আক্তার (১১)। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার নারায়ণপুর গ্রামে আবদুর রহিমের কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী রহিমা আক্তারের সঙ্গে রশিদপুর গ্রামের নজির আহমদের পুত্র ছানা উল্যার (৩০) বিয়ের আয়োজন করা হয়। এদিকে লক্ষণপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা রহিমার অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা জানান আজ তার বিয়ে, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং রহিমা আক্তারের বাড়িতে যান। ঘটনার সত্যতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাত্ক্ষণিকভাবে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে বিয়ে বন্ধের নির্দেশ দেন।