রাজশাহীর বাগমারায় ভুয়া মালিক সাজিয়ে ৩৪ বিঘা জমির রেজিষ্ট্রি দলিল সম্পাদনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত দলিল লেখক আঃ জলিলকে ২০ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা দলিল লেখক সমিতি। মঙ্গলবার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত অন্যেরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার রায়সেনপাড়া গ্রামের আজাহার আলী জালিয়াত চক্রের সহায়তায় নিজ সহোদর ও সত্ মাসহ ওয়ারিশদের বঞ্চিত করতে জালিয়াতির মাধ্যমে পার্শ্ববর্তী কুদাপাড়ার জনৈক ব্যক্তিকে পিতা (আব্দুল কাদের) সাজিয়ে ভবানীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে ৩৪ বিঘা জমির রেজিষ্ট্রি দলিল নিজ নামে সম্পাদন করে। কিন্তু এই জালিয়াতির ঘটনায় লেনদেনকৃত কয়েক লাখ টাকার ভাগবাটোয়ারা নিয়ে দলিল জালিয়াত চক্রের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। এরপর আলোচিত ৩৪ বিঘা জমির প্রকৃত মালিক ভবানীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে লিখিত অভিযোগ করেন।
এদিকে দলিল জালিয়াতির ঘটনা ধামাচাপা ও নিজেদের রক্ষায় জালিয়াত চক্রের সদস্যরা কৌশলে জমি গ্রহীতা আজাহার আলীকে ডেকে এনে একই জমি পুনরায় আব্দুল কাদেরের নামে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করে। এক্ষেত্রেও পুনরায় জাল দলিল করা হয়। এনিয়ে তোলপাড় শুরু হলে স্থানীয় দলিল লেখক সমিতি তড়িঘড়ি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
