বিশ্বনাথে সমবায় সমিতির কার্যক্রম বন্ধের পথে

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৪৬
সিলেটের বিশ্বনাথে সমবায় সমিতিগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এ উপজেলায় সমবায় সমিতি নেই বললে চলে। হাতেগোনা যে তিন-চারটি সমিতি আছে তাও নামমাত্র। বাস্তবে এসব সমিতির হদিস পাওয়া যায়নি। উপজেলায় ১২২টি সমিতির সরকারি রেজিস্ট্রেশন রয়েছে। বর্তমানে এগুলোর কোন কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে যে কয়টি সমিতির কার্যক্রম রয়েছে সেগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। উপজেলা সমবায় অফিসসূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন আছে ১২২টি সমিতির তার মধ্যে ৫০টি সমিতির কার্যক্রম চলছে। যেসব সমিতি নামমাত্র চলছে তাদের সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাননি বলে জানান কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সরকারিভাবে সমিতিগুলোকে আর্থিক সহযোগিতা না করায় কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া বলেন, যেসব সমিতি নীতিমালা ভঙ্গ করে কার্যক্রম চালাচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।