অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য ক্রিকেটার রিকি পন্টিংয়ের অবসরের সিদ্ধান্ত ঘোষণার কথা জেনে ক্রিকেট দুনিয়ার দিকপালরা তার ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করে টুইটারে লিখেছেন। এসব টুইটার বার্তায় সাবেক ও বর্তমান ক্রিকেটাররা প্রশংসিত করেছেন পন্টিংকে।
পন্টিং আজ শুক্রবার পার্থে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
ক্রিকেট মাঠে পন্টিং সতীর্থ হিসাবে পেয়েছেন অনেককে। আবার অনেক খেলোয়াড়কে পেয়েছেন প্রতিপক্ষ হিসাবে। প্রিয় ‘পান্টার’কে অভিনন্দন জানিয়েছেন সাবেক সতীর্থ গ্লেন ম্যাকগ্রা ও ম্যাথু হেডেন। সেইসাথে পন্টিং ১৬৮তম টেস্টে যেন সেঞ্চুরি করেন সে প্রত্যাশাও করেন তারা। অস্ট্রেলিয়ার পেসার ম্যাকগ্রা পন্টিংয়ের সাথে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয় করেছেন। তিনি টুইটারে লিখেছেন,‘ওয়েল ডান পান্টার! অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য। তুমি যদি সেঞ্চুরি দিয়ে শেষ করতে পারো তো অসাধারণ হবে ব্যাপারটা। তোমার সাথে খেলতে পেরে সম্মানিত বোধ করছি, লিজেন্ড।’ সাবেক বাঁ-হাতি ওপেনার হেডেন যা লিখেছেন, ‘পান্টার, অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার চলে যাওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলে গভীর শূন্যতা দেখা দিতে পারে।’
ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং ওয়েস্ট ইন্ডিজের গ্রেট কোর্টনি ওয়ালশ অস্ট্রেলীয় কিংবদন্তী পন্টিংয়ের জন্য বার্তা দিয়েছেন। পিটারসেন লিখেছেন, ‘রিকি পন্টিংয়ের অবসর.....অন্যতম গ্রেট! অস্ট্রেলিয়ার সাথে খেলার সময় সবসময় আমি রোমাঞ্চিত থাকি। আমি চেষ্টা করেছি তার ব্যাটিং কাছে থেকে দেখার। শাবাশ পান্টার।’ বর্তমানে ৩৭ বছর বয়সী পন্টিং সম্পর্কে ওয়ালশ আশা করেন, ক্রিকেট পরবর্তী জীবনেও তিনি যেন ভাল থাকেন, ‘সেরা ক্যারিয়ারে রিকি পন্টিং ভাল খেলেছেন। আশা করি তুমি শেষ করবে অন্য উচ্চতায় থেকে। আর শুভেচ্ছা রইল ক্রিকেটে যেমন ভালো খেলেছো পরবর্তী জীবনেও যেন এমন হয়।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, সেরা ব্যাটসম্যানের বিপক্ষে তিনি খেলেছেন। তিনি লিখেছেন, ‘পান্টার ছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট মেলে না।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, অজিনকা রাহানে, সঞ্জয় মাঞ্জরেকার এবং মুরালি কার্তিকও টুইটারে অভিনন্দন বার্তা লিখেছেন। কোহলি লিখেছেন, ‘রিকি পন্টিং আসলেই কিংবদন্তী। আমি খুশি কারণ তার সাথে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমার কুর্নিশ নাও।’ কোহলি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন। রাহানের বক্তব্য, ‘একজন কিংবদন্তী অবসরের ঘোষণা দিলেন। ক্রিকেট দুনিয়া মাঠে পন্টিংয়ের শূন্যতা অনুভব করবে।’
বর্তমানে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার। তার ভাষ্যমতে, ‘সাধুবাদ থাকলো রিকি এবং পরিবারকে তার অসাধারণ ক্যারিয়ারের জন্য। তার শূন্যতা সবাই অনুভব করবে।’ গতি তারকা ব্রেট লি লিখেছেন, ‘চমত্কার ক্যারিয়ারের জন্য পান্টারকে অভিনন্দন। উপভোগ করেছি তোমার সাথে খেলে! ’ বাঁ-হাতি স্পিনার মুরালি কার্তিক, ‘ক্রিকেট দুনিয়ার জন্য দুঃখের এক দিন, রিকি একজন আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ রিকি পন্টিংয়ের সম্পর্কে বলেন, ‘রিকির সাথে আমি অনেক খেলেছি। যতবার খেলেছি মনে হয়েছে সে অবশ্যই সবচেয়ে লড়াকু মানুষ।’
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তী ব্রায়ান লারা টুইটারে লিখেছেন, ‘রিকি তুমি চলে যাচ্ছো অন্যতম সেরা হয়ে।’ অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন, ‘বিস্ময়কর ক্যারিয়ারের জন্য রিকি পন্টিংকে অভিনন্দন। শাবাশ পান্টার ...পার্থে তোমার শেষ ম্যাচটি তুমি উপভোগ কর। তোমার সাথে খেলতে পেরে অনেক আনন্দ পেয়েছি!!!
