বিনোদন রিপোর্ট
চলচ্চিত্র মুক্তির জন্য এখন প্রযোজকদের ভরসা বছরে দুটি ঈদ। বড় বাজেটের সিনেমাগুলোর শেষ ভরসা ঈদ। এছাড়াও বাজেট কম হলেও ঈদ যেন প্রযোজকদের জন্য সেরা সময়। তেমনটাই এখন প্রযোজকদের চিন্তা। সারাবছর সিনেমা মুক্তি পেলেও সেই হার ঈদেই কিছুটা বেশি থাকে। অন্যদিকে ঈদে হলের সংখ্যাও বাড়ে কয়েকটি। চলতি মাসে বৈশাখকে ঘিরে কয়েকটি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে ব্যবসায়িক চিন্তা থেকে ঈদেই মুক্তি দেওয়া হবে সিনেমাগুলো। এরমধ্যে রয়েছে ‘শাহেনশাহ’ ও ‘আবার বসন্ত’। ঈদের আগে শেষ সিনেমা হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’। ঈদের আগে পর্যন্ত হলে নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। এবার ঈদে ৮টি সিনেমা মুক্তির খবর পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত ক’টি সিনেমা মুক্তি পাবে তা জানার জন্য ঈদের আগের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ গত কয়েক ঈদে ছবির সংখ্যা আগে থেকে অনেকগুলো জানানো হলেও শেষ পর্যন্ত তার অর্ধেকে নেমে এসেছে। এবার রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হলো ‘পাসওয়ার্ড’, ‘শাহেনশাহ’, ‘নোলক’, ‘বিউটি সার্কাস’, ‘বেপরোয়া’ ও ‘আবার বসন্ত’। এরমধ্যে ‘নোলক’ সিনেমাটি নিয়ে অনেক দ্বন্দ্বের পর অবশেষে সম্প্রতি সেন্সরে ছাড়পত্র পেয়েছে। এবার ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক। ছবির সংখ্যা দিনদিন কমার জন্য কম হল সঙ্কট ও মৌসুমি প্রযোজকদের আনাগোনার কথা বলছেন সিনেমা সংশ্লিষ্টরা। এক সাক্ষাত্কারে মিশা সওদাগর বলেন, ‘আমাদের সিনেমার সংখ্যা দিনদিন কমছে। কারণ আমাদের এখন প্রযোজক নেই। অনেক প্রযোজক কাজ করতে এসে লোকসানের মুখ দেখে আবারো ফিরে যান। এমন অবস্থায় হল সঙ্কট দূর করাটা প্রয়োজন।’ ঈদ প্রযোজকদের জন্য ভরসা থাকলেও সিনেমায় তারকা কাস্টিং ও বড় বাজেট ছাড়া ব্যবসা করাটা কঠিন। কারণ প্রতিবারের মতো ঈদের অন্যতম আকর্ষণ থাকেন শাকিব খান। বেশিরভাগ হল বুকিং পায় শাকিবের সিনেমা। হল মালিকরাও মুনাফার ভরসায় শাকিবের সিনেমাগুলোর গুরুত্ব দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্য সিনেমাগুলোর শাকিবের সাথে ব্যবসা করাটাও চ্যালেঞ্জের বিষয়। এবার ঈদে অভিনেতা শাকিবকে যেমন দেখা যাবে তেমনি প্রযোজক শাকিবকে দেখা যাবে। ‘পাসওয়ার্ড’ সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাচ্ছে। সিনেমার শুরু থেকে এমনটা জানা যায়। মালেক আফসারি পরিচালিত এই সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে। শাকিব বলেন, ‘আমাদের চলচ্চিত্রের এমন অবস্থায় ঈদ সবার জন্য ভরসা। কারণ ব্যবসায়িক বিবেচনায় ঈদে হলের সংখ্যাও বাড়ে। তাই লগ্নি উঠে আসার একটা ভরসা থাকে।’
অন্যদিকে এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। শাকিব ছাড়া জয়া আহসানও এখন প্রযোজকদের ভরসা। দেশে ও কলকাতায় তার বর্তমান জনপ্রিয়তা তেমনটাই প্রমাণ করে। সেই জায়গা থেকে ‘বিউটি সার্কাস’ কতটুকু ব্যবসা করতে পারবে তা এখন অপেক্ষার বিষয়। এছাড়াও ‘বেপরোয়া’ সিনেমাটি আবার মুক্তি দেওয়া হবে এবার ঈদে। রোশান ও ববি অভিনীত সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া বড় পরিসরে মুক্তি দেবে এবার।
