ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের চাপিলাকান্দা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী গত ১৮ নভেম্বর মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গতকাল বৃহস্পতিবার তার বাবা ঈশ্বরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেছেন।
পুলিশ ও ছাত্রীটির পরিবার সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ঢাকার এক পোশাক কারখানার শ্রমিক মাহফুজ মিয়া (২২) মামার বাড়ি উপজেলার মহেশপুর এলাকার গাংপাড়া গ্রামে প্রায়ই যাওয়া-আসা করতো। মাহফুজ গ্রামের ঐ মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল। মেয়েটি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিবারকে বিয়ের প্রস্তাব দেয় মাহফুজ। বিয়ের প্রস্তাবে মেয়ের পরিবার রাজি না হওয়ায় তাদের প্রতি সে ক্ষিপ্ত হয় এবং মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
