২০০৫ সালের ১৭ আগস্ট রাজশাহী মহানগরীতে সিরিজ বোমা হামলার ঘটনায় নগরীর রাজপাড়া থানায় দায়েরকৃত মামলায় ৭ জেএমবি সদস্যের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বয়রামারী স্কুলপাড়ার তরিকুল ইসলাম, চারঘাট উপজেলার মোহননগর গ্রামের এনামুল হক, বাগমারা উপজেলার বিলসিংহ গ্রামের আমানুল্লাহ, সাতক্ষীরার ইটাগাছা গ্রামের শফিউল্লাহ, সিরাজগঞ্জের চরলক্ষ্মীপুর গ্রামের আবু ঈসা, নওগাঁর পরানপুর গ্রামের জহুরুল ইসলাম বাবু ও চাঁপাইনবাবগঞ্জের ফলাডেমা গ্রামের কোরবান আলী। রায় ঘোষণা উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক আসামিদের কঠোর নিরাপত্তায় আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। জেএমবি সদস্যরা ওইদিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড়, জজ কোর্ট দুই নং ভবনের সামনে, অ্যাডভোকেট বার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায়।
