সরকারের বাকি মেয়াদের মধ্যেই মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৫
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের বাকি মেয়াদের মধ্যেই মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে ১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর প্রস্তুতিমূলক ৯৮ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। বিশ্ব ব্যাংকের সাথে কিছুটা জটিলতা সৃষ্টি হওয়ায় মূল সেতুর কাজ শুরু করা সম্ভব হয়নি। পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার সকল দরজা খোলা রেখে বিশ্বব্যাংকের সাথে আন্তরিকভাবে কাজ করছে। অর্থায়ন হলেই মূল সেতুর কাজ শুরু করা হবে। তিনি বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাটগাতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন। পদ্মা সেতুর দুর্নীতি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, দুদকের ‘ইনভেষ্টিগেশন’ এক জিনিস আর ‘ইমপ্লিমেন্টেশন’ আরেক জিনিস। বিশ্বব্যাংকের প্রতিনিধ দল আবার ঢাকায় আসবে। তারা বিষয়টি খতিয়ে দেখবেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী পাটগাতী সেতু পরিদর্শন করে ঠিকাদারী প্রতিষ্ঠান আর.পি কনষ্ট্রাকশনের স্বত্ব্বাধিকারীর সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং আগামী জুনের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, জুনে প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন করবেন। পরে মন্ত্রী সাংবাদিকদের পাটগাতী সেতু জুনের মধ্যে সমাপ্ত করা হবে জানিয়ে বলেন, বেহাল গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়ক ও কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের সংস্কার কাজও জুনের মধ্যে শেষ করা হবে।