নারী ও শিশু নির্যাতন রোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে থাকবে: ড্যান মজীনা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৭
বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, ‘বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতারোধে আমেরিকা বাংলাদেশের সাথে এক সাথে কাজ করবে। মা, বোন, স্ত্রী ও কন্যাদের ওপর নির্যাতন ও সহিংসতা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ উদ্দেশ্যে আমেরিকা বাংলাদেশের ৬টি জেলায় ৫ বছরের জন্য কাজ করতে ১২ মিলিয়ন ডলারের প্রকল্প গ্রহণ করেছে।’ গত বুধবার বিকালে ঢাকা ফেরার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরীও বক্তব্য দেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি কিছু বলতে চাই না। আশা করছি বাংলাদেশে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ মজীনা ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ব্যাপারে সমবেদনা জানিয়ে বলেন, ‘গার্মেন্টসগুলোকে আরো সেফটি ও সিকিউরিটি নিতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।’ এ দিকে একই দিন দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রে প্রধান সহায়তা সংস্থা ইউএসএআইডি-এর সহায়তায় প্ল্যান বাংলাদেশের উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী ছাড়াও বক্তব্য দেন— মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, সমাবেশের সভাপতি স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, প্রকল্প পরিচালক আবুল হোসেন, পৌর মেয়র হারুনুর রশিদ প্রমুখ। সমাবেশে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন,‘পারিবারিক সহিংসতা, শিশু ও নারী নির্যাতন, যৌন নিপীড়নের বিরুদ্ধে সরকার বিভিন্নভাবে দেশি-বিদেশি সংস্থা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।’ সমাবেশ শেষে জনসচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আবাদুল কুদ্দুস বয়াতি।