দলের ভাবমূর্তি বিনষ্টের অভিযোগ এনে শেরপুর জেলা জাসদে বহিষ্কার পাল্টা বহিষ্কার চলছে। বিবদমান দু’টি গ্রুপের মধ্যে জেলা জাসদের সাধারণ সম্পাদক গ্রুপ জেলা জাসদ সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের গ্রুপ দলের সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান লবু এবং দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহজাহান আলী চাষীকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছে। গত বুধবার সন্ধ্যায় ও রাতে শেরপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান লবু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া শাহীন স্বাক্ষরিত পৃথক দু’টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জাসদের সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান লবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান লবুর বাসভবনে জেলা জাসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জাসদের সহ-সভাপতি শাজাহান কিবরিয়া লাল। সভায় ৪৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটির মধ্যে ২৩ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় গত ৩১ অক্টোবর জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনকে দেয়া কারণ দর্শানোর নোটিসের জবাব না দেয়া এবং ২৩ অক্টোবর কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচি বাতিলের ষড়যন্ত্র, দলীয় শৃংখলা ভঙ্গ, ব্যাপক দুর্নীতি, দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রে অংশগ্রহণ, পেশাগত কারণে ময়মনসিংহে অবস্থান, দলের সর্বস্তরের নেতা-কর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও বিদ্বেষ সৃষ্টি, উপদলীয় কোন্দল, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সঙ্গে গোপন আঁতাত, স্ত্রী, ভগ্নিপতি, কাজের লোক, চাচাতো, মামাতো, ফুপাতো ভাইসহ নিকট আত্মীয়দের নিয়ে জালিয়াতের মাধ্যমে জেলা কমিটি গঠনসহ দলের ভাবমূর্তি বিনষ্টের দায়ে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং জিয়াউর রহমান জুয়েলকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। অপর এক প্রস্তাবে জেলা কমিটির সহ-সভাপতি শাজাহান কিবরিয়া লালকে জেলা শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়।
অপরদিকে, লিটন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া শাহীন স্বাক্ষরিত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ নভেম্বর শেরপুর শহরের কালিরবাজার জেলা জাসদের কার্যালয়ে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা জাসদের ৪৩ জন সদস্যের মধ্যে ৩৪ জন উপস্থিত ছিলেন। সভায় জাসদের সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান লবু ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহজাহান আলী চাষীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সাত দিনের সময় দিয়ে ইতিপূর্বে কারণ দর্শানোর নোিটস দেয়া হয়। কিন্তু দীর্ঘ সময়েও তাদের কাছ থেকে নোটিসের লিখিত কোন জবাব না পাওয়া যাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক মুকসেদুর রহমান লবু ও শাহজাহান আলী চাষীকে তাদের নিজ নিজ পদ থেকে আগামী তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে এই সভা জাকারিয়া শাহীনকে জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য ক্ষমতা অর্পণ করেছে।
