বঙ্গবন্ধু সেতুর ওপর ৪ নম্বর পিলারের কাছে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভলবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল এবং পরপর আরো দুটি ট্রাক ব্রেক ডাউন হওয়ায় গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর সেতুটি ফের সচল হয়।
সরেজমিনে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস পর্যন্ত এবং পশ্চিম টোল প্লাজা থেকে সিরাজগঞ্জের রোড পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। প্রায় ছয়ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ছাড়াও পত্রিকা পরিবহনসহ গুরুত্বপূর্ণ পরিবহনগুলোকে চরম বিপাকে পড়তে হয়।
বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ‘বুধবার রাত সাড়ে ৩টার দিকে ভলবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাত্ সেতুর ওপর বিকল হয়ে যায়। এ ছাড়া পরপর আরো দুটি মালবাহী ট্রাক ব্রেক ডাউন হয়ে পড়ে। ফলে মধ্যরাত থেকে সেতুর উভয়পারে যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া ভলবো বাসটির চাকা লক হওয়ায় বাসটি সরাতে ৫ ঘণ্টা সময় লেগে যায়। বৃহস্পতিবার সকাল ৯টার থেকে থেকে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়েছে।’
