দিনাজপুরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে ৪ জনের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৩৩
দিনাজপুরের শহরতলী রাজাপাড়া (বাঙ্গীবেচা) ঘাটে ডিবি পুলিশের তাড়া খেয়ে পুনর্ভবা নদীতে ঝাঁপ দেয়ায় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে দমকল বাহিনীর রংপুরের ডুবুরিরা তল্লাশী চালিয়ে ৩ জনের লাশ উদ্ধার করে। এর আগে বুধবার সন্ধ্যায় একজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাহাদুরবাজার এলাকার জামাল হোসেন মিনি (৪০), বড়বন্দর মহল্লার সবুজ মহন্ত (৩৫), লালবাগ এলাকার আওলাদ হোসেন (৩৬) ও একই এলাকার রাশেদ (২৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুয়াড়ীদের ধরতে গত বুধবার সন্ধ্যায় রাজাপাড়া (বাঙ্গীবেচা) ঘাটে অভিযান চালায় জেলার ডিবি পুলিশের একটি দল। এ সময় গ্রেপ্তার এড়াতে পুনর্ভবা নদীতে ঝাঁপ দেয় ২০ থেকে ২৫ জন জুয়াড়ী। এদের মধ্যে সন্ধ্যায় জামাল হোসেন মিনি (৪০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে । এ সময় আরোও ৩ জন নিখোঁজ থাকে। নিখোঁজদের খোঁজার জন্য রংপুর দমকল বাহিনীর ডুবুরিদের সংবাদ দেয়া হলে ডুবুরিরা রাতে দিনাজপুরে এসে পৌঁছান। গতকাল সকাল থেকে তারা তল্লাশি শুরু করলে দুপুর নাগাদ ৩ জনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ওসি জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে এই ঘটনায় ডিবি পুলিশের এসআই শাহীন ও এসআই জাহিদসহ ৯ জন ডিবি পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল ইসলাম জানান, অভিযুক্ত ডিবি পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করার জন্য এডিশনাল এসপি হাবিবুর রহমানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।