যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৩৪
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে গতকাল বৃহস্পতিবার বাসের ধাক্কায় নিহত হয়েছেন কলেজ ছাত্র মামুন হোসেন (২৫)। তিনি লক্ষ্মীবাজার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঘটনার পর উত্তেজিত জনতা একটি হিউম্যান হলার ও একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ ছিল। নিহত মামুন হোসেনের বাসা কাজলার উত্তরপাড়ায়। তার পিতা মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার রায় জানান, মামুন গতকাল সকাল ১১টার দিকে একটি লেগুনার (হিউম্যান হলার) পিছনে ঝুলে যাত্রাবাড়ী থেকে সদরঘাট যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বাস লেগুনাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক আবুল কাশেমকে পুলিশ গ্রেফতার করে। লেগুনা ও বাসটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।