বহদ্দারহাট ফ্লাইওভার ট্র্যাজেডি

সিডিএ চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৩৭
বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে বহু লোকের হতাহতের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামসহ ৬ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলা করা হয়েছে। বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মহাসচিব লায়ন অ্যাডভোকেট যাদব চন্দ্র শীল মামলাটি দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হচ্ছেন-প্রকল্প পরিচালক এ এম এম হাবিবুর রহমান, সিডিএ’র প্রধান প্রকৌশলী নাছির উদ্দিন মাহমুদ চৌধুরী, প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর স্ত্রী ও মূল ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটকো-পারিশা কনস্ট্রাকশন্সের স্বত্বাধিকারি খুজেস্তা ই নূর ই নাহরিন মুন্নী, নির্মাণকারি প্রতিষ্ঠান মির আক্তার-পারিশা (জেবি) কনস্ট্রাকশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়েটস’র ব্যবস্থাপনা পরিচালক এমএ মতিন। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিককে নির্দেশ দিয়েছে। বাদী মামলার আরজিতে অভিযোগ করেছেন, আসামিরা কর্তব্যে অবহেলা এবং ফ্লাইওভার নির্মাণে যথাযথ নিয়ম পালন না করার কারণে গত ২৪ নভেম্বর ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে ১৫ জন নিহত হন এবং অর্ধশতাধিক লোক আহত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের ফ্লাইওভার নির্মাণের জন্য কোন কারিগরি অভিজ্ঞতা ও দক্ষতা ছিল না। শুধু স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধভাবে কাজগুলো দেয়া হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের ফ্লাইওভার নির্মাণে ব্যবহূত সরঞ্জামের কোন গুণগত মান ছিল না এবং কার্যাদেশের শর্তে উল্লেখিত নির্মাণ সামগ্রী ব্যবহার না করে অধিক আর্থিক লাভের উদ্দেশ্যে আসামিরা একে অপরের যোগসাজশে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এ বীভত্স হত্যাকাণ্ড ঘটায়।