আবারো চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৩৪

বিনোদন রিপোর্ট

 

দীর্ঘদিন যাবত্ বন্ধ থাকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের ব্যক্তিগত ঝামেলা ও মামলা মোকাদ্দমার কারণে অনেকদিন যাবত্ সমিতির নির্বাচন স্থগিত ছিল। তবে এবার সব জল্পনা-কল্পনা ছাপিয়ে আগামী ২৭ জুলাই নির্বাচন হবে বলে আশাবাদী বর্তমান প্রযোজক সমিতি।

সরকারি প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত এই সমিতির সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট। ২০১১-১৩ মেয়াদি এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন যথাক্রমে সোহেল রানা ও ডিপজল।

এরপর ২০১৬-২০১৮ মেয়াদি নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রশাসক। কিন্তু প্রযোজক সমিতির গঠনতন্ত্র ৯ (গ) ধারা দেখিয়ে একজন প্রযোজক হাইকোর্টে মামলা ঠুকে দিলে নির্বাচন বন্ধ হয়ে যায়।

ওই ধারায় বলা আছে, কেউ যদি পরপর ৩ বার অর্থাত্ ৬ বছর টানা নির্বাচিত হন তাহলে পরের একবার বিরতি দিয়ে আবারো তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু পরপর বিজয়ী মোট ৭ জন প্রার্থী বিরতি না নিয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়াতেই মূলত এই নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকে।