লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে হত্যা করেছে ছাত্রলীগের চাঁদাবাজরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৩৯
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ায় গতকাল বৃহস্পতিবার মুক্তিপণের দাবি করা টাকা না পেয়ে অপহরণের তিনদিন পর স্থানীয় যুবলীগ কর্মী ওয়াজেদ চৌধুরী সুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ তার বাহিনীর সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বটতলী-দত্তপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে সুজনের সমর্থকরা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পিতা আবদুল ওয়াদুদ বলেন, গত ২৬ নভেম্বর বিকালে চন্দ্রগঞ্জ বাজার থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্নার নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা ওয়াজেদ চৌধুরী সুজনকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমরা গত বুধবার মুন্নাকে ৩ লাখ টাকা দিলেও দাবি করা মুক্তিপণের পুরো টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা সুজনকে এলোপাতাড়ি মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় হাজিরপাড়া বাজারের পূর্বে তাকে রাস্তার পাশে ফেলে রাখে। গতকাল রাত ১টার দিকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সুজন মুন্না বাহিনীর সাথে চলাফেরা করত। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে—তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।