দৌলতপুর সীমান্তে বাংলাদেশিকে অপহরণ করেছে বিএসএফ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৪০
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক বাংলাদেশিকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে বিএসএফ। অপহূত বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিয়েছে বিজিবি। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের সীমান্তবর্তী চল্লিশপাড়া এলাকায় মাথাভাঙ্গা নদীর পাড়ে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উস্কানিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। আলম উপজেলার তারাগুনিয়া গ্রামের কোরবান আলীর ছেলে। বিজিবি ৩২ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার খালেক বলেন, এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। তিনি আরো জানান, অপহূত আলমকে শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার প্রক্রিয়া চলছে।