হবিগঞ্জের হাওরাঞ্চলে ওয়াটার অ্যাম্বুলেন্স

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:০৯
খ্যাতনামা জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী হবিগঞ্জ জেলায় মা-মনি প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন। তিন দিনব্যাপী সফর শেষে সমপ্রতি তিনি প্রকল্পের হবিগঞ্জ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় সামিনা চৌধুরী মা-মনি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ওয়াটার অ্যাম্বুলেন্স একটি অসাধারণ উদ্যোগ। যা হাওরাঞ্চলে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। এ ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা গ্রহীতাদের নিরাপত্তা ও প্রাইভেসী নিশ্চিত করেছে। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইভ দ্যা চিলড্রেন এর এমচিপ উপদেষ্টা আরেবা পান্নী, মা-মনির ফিল্ড ডেপুটি ম্যানেজার রওশন জাহান ও ডিপুটি ম্যানেজার ফিল্ড অপারেশন নজমুল কবির, জেলা সমন্বয়কারী মোঃ মোসারফ হোসেন, ডেপুটি ম্যানেজার ফাইনান্স এন্ড এডমিন জিয়াউর রহমান আজাদ, সিনিয়র অফিসার-এফএসএসএল দ্বিজেন চন্দ্র দেবনাথ, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ চৌধুরী প্রমুখ। মা-মনি প্রকল্প ইউএসএইড জাপাইগো কর্পোরেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার একটি অংশীদারিত্বের সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে মা-মনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য অংশীদারিত্বের সমন্বয়ে সেভ দ্য চিলড্রেন এর কারিগরী সহায়তায় এফআইভিডিবি ও সীমান্তিক এর মাধ্যমে বাস্তবায়ন করে আসছে। সামিনা চৌধুরী ইউএসএইড গ্লোবাল ফ্ল্যাগশীপ এমচিপ প্রোগ্রামের মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক ব্র্যান্ড এ্যাম্বাসেডর। গত ১৮ নভেম্বর তিনি চুনারুঘাট উপজেলার একটি বাড়ি পরিদর্শন করেছেন। যেখানে একটি কন্যা শিশু তিন সপ্তাহ পূর্বে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছিল এবং স্থানীয় পরিবার কল্যাণ সহকারী আসমা বেগম ব্যাগ ও মাস্ক ব্যবহার করে প্রাথমিক চিকিত্সা প্রদান করেন। ইতোপূর্বে আসমা বেগম হেল্পিং বেবী’স ব্রিদ প্রোগ্রামের মাধ্যমে ব্যাগ ও মাস্ক ব্যবহারের প্রশিক্ষণ অর্জন করেন। সামিনা চৌধুরী পরিবার কল্যাণ সহকারী আসমা বেগমসহ সকল সেবা প্রদানকারীদের ধন্যবাদ জানান। সামিনা চৌধুরী দ্বিতীয় দিনেও মা-মনি পরিচালিত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন এবং সরকারি বেসরকারি কর্মী, কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং গ্রামের বিভিন্ন পর্যায়ে জনসাধারণের সাথে কথা বলেছেন। যাত্রা বিরতিতে তিনি বানিয়াচং উপজেলায় ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবহার করে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরুন্নেছা বেগম বলেন, ওয়াটার অ্যাম্বুলেন্সটি বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওর এবং দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা কর্মসূচিতে বিশেষ অবদান রাখছে। অ্যাম্বুলেন্সটি মা ও নবজাতকের স্বাস্থ্য কেন্দ্রে রেফারেলের ক্ষেত্রে জরুরি বাহন হিসাবে ব্যবহার হয় এবং এর মাধ্যমে সেবার কভারেজও আগের তুলনায় অনেক বেড়েছে। ওয়াটার অ্যাম্বুলেন্সের কার্যক্রম পরিদর্শন শেষে সামিনা চৌধুরী বলেন, এটা একটি অসাধারণ উদ্যোগ, হাওরাঞ্চলে সাধারণ নৌকার বাইরে ওয়াটার অ্যাম্বুলেন্স এর এ কার্যক্রম স্থাপনার বাইরে সেবা গ্রহীতাদের একটি নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করছে। এরপর তিনি শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি মা-মনি’র উন্নয়ন কাজ, ডেলিভারী হওয়া মা বিলকিস আক্তার ও অন্যান্য সেবাগ্রহীতাসহ উক্ত কেন্দ্রের স্টাফ স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি শিবপাশা গ্রামে রিতু মিয়ার বাড়িতে কমিউনিটি একশন গ্রুপের একটি সভায় যোগ দেন। কমিউনিটি ভলান্টিয়ার রৌশনারা পরিচালিত এ সভায় উপস্থিত সকল সদস্যদের সাথে তিনি কথা বলেন।