সিরিয়াজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:২৮
সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দরের কাছে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ কারণে দেশব্যাপী ইন্টারনেট সেবা বিঘ্নিত ও বিভিন্ন স্থানে মোবাইল ফোন সার্ভিস ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে ইন্টারনেটের গতি খুবই কমে আসে এবং বেশ কয়েকটি স্থানে মোবাইল সেবা বাধাগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংযোগ নিরীক্ষা প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে যে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২০ মাসব্যাপী এ আন্দোলনের মধ্যে এ ঘটনা সত্যিই নজিরবিহীন। যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক সিকিউরিটি ফার্ম রেনেসিস বলেছে, স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিট থেকে ইন্টারনেট সেবায় চরম বিপর্যয় ঘটে। সংস্থাটি বলেছে যে, দেশটির স্বশাসিত টেলিকমিউনিকেশন বিভাগ এর জন্য দায়ী। বর্তমানে সব কাস্টমার নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি অস্বীকার করে বলেছে যে, এটা কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। তবে এটা কেবল কয়েকটি প্রদেশে হয়েছে মাত্র, গোটা দেশে নয়। প্রযুক্তিবিদরা এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই এটা ঠিক হয়ে যাবে। সিরিয়া সরকার এর আগে যেসব এলাকায় তাদের অভিযান পরিচালনা করেছিল সে সব এলাকায় আগে থেকেই তারা মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল। কেননা এটা করা না হলে বিদ্রোহীরা আগে থেকেই তাদের অভিযানের কথা জেনে ফেলতো। তাই একে একটা কৌশলগত দিক বলে অনেকে মনে করছেন। যদিও সরকারের তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। পক্ষান্তরে বিদ্রোহীদের দাবি, শাসক বাহিনী তাদের রণকৌশল হিসাবেই এই পদ্ধতি অবলম্বন করছে। সিরিয়ার তথ্যমন্ত্রী সরকার নিয়ন্ত্রিত এক টেলিভিশনে বলেছেন, এজন্য রাষ্ট্র দায়ী নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠীই দায়ী। তিনি বলেন, এটা কোনভাবেই সত্য নয় যে, সরকার ইন্টারনেটের লাইন কেটে দিয়েছে। সন্ত্রাসীরাই ইন্টারনেটকে টার্গেট করেছে, তারাই লাইন কেটে দিয়েছে। এদিকে দামেস্কে আন্তর্জাতিক বিমান বন্দরগামী সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী। এর আগে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের পর এ সড়কটি বন্ধ করে দেয়া হয়েছিল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা এ সড়কে চলাচলকারী গাড়ির ওপর হামলা করছিল এবং নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়ার পর দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরগামী সড়কের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এ এলাকায় সংঘর্ষকালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দুই অস্ট্রীয় সেনা আহত হয় বলে অস্ট্রিয়ার প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে।