প্রধানমন্ত্রীকে মওদুদের অনুরোধ

খালেদা জিয়ার জামিনে আইনজীবীদের বিরোধিতা করতে নিষেধ করুন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেন বিরোধিতা না করেন, তা সরকারপক্ষের আইনজীবীদের বলে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন— প্যারোলের আবেদন করলে মুক্তি বিবেচনা করা যায়। প্যারোলের কথা যদি বলেন, তাহলে সরকারি কৌঁসুলিদের দয়া করে বলে দেন, তারা যেন বেগম খালেদা জিয়ার জামিনের বিরোধিতা না করেন। তাহলে তো তিনি জামিনেই মুক্তি পেতে পারেন। প্যারোলের কোনো প্রয়োজন হবে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত এক মানববন্ধনে এই অনুরোধ করেন মওদুদ। খালেদা জিয়ার সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং সুচিকিত্সার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, শাম্মী আখতার নিলুফা ইয়াসমিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতা-কর্মীরা।