ঝিনাইদহ পল্লী বিদ্যুতের ২০ কোটি টাকা লোকসান

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫০
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের বিগত দুটি অর্থ বছরে ২০ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকা লোকসান হয়েছে। গ্রাহক সংখ্যা বাড়ছে, সে সাথে পল্লী বিদ্যুতের পরিধিও বাড়ছে। অপর দিকে লোকসানের পরিমাণও স্ফীত হচ্ছে। জানা যায়, গত অর্থ বছরে ( ২০১১-২০১২ ) ঝিনাইদহ পল্লী বিদ্যুতের নীট লোকসান হয়েছে ৮ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকা। পিডিবি থেকে বিদ্যুত্ ক্রয়ে ব্যয় হয় ২৪ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ২২ টাকা, বিদ্যুত্ পরিচালন খাতে ৩ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৮৬৫ টাকা, গ্রাহক সেবা পরিচালন খাতে ৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৮৮ টাকা এবং প্রশাসনিক ও সাধারণ খাতে ব্যয় ৩ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৯৭ টাকা । অপর দিকে বিদ্যুত্ বিক্রয় থেকে ৩৭ কোটি ১৩ হাজার ৫৪৯ টাকা এবং অন্যান্য পরিচালন খাতে আয় হয় এক কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৫০৩ টাকা । বিদ্যুত্ কেনা বেচায় লাভ হয় ৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার ৮৮০ টাকা। সম্পত্তির অপচয় খাতে ৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৪৭৬ টাকা, দীর্ঘ মেয়াদী ঋণের সুদ বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৬৯৫ টাকা এবং বীমা ও কর বাবদ ২৫ লাখ ৪২ হাজার টাকা ব্যয় হয়। এর আগের অর্থ বছরে ( ২০১০-২০১১ ) ১১ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৯৭২ টাকা লোকসান হয়। শুরু থেকে প্রতি বছরই ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ লোকসান দিয়ে আসছে। এক সূত্রে জানা যায়, টেকনিক্যাল সিসটেম লস কমানো সম্ভব নয়। তবে চুরি ও লাইনের ত্রুটির কারণে লস কমানো সম্ভব।