সেনবাগে খালে বাঁধ দিয়ে ভাটায় মাটি আনা হচ্ছে

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৩
নোয়াখালী-ফেনী মহাসড়কের পাশের বড় খালটিতে ‘হজনী খাল’ অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। স্থানীয় ব্যক্তি খালটি ভরাট করে বাঁধ নির্মাণ করেছে। ঐ এলাকার ফসলী জমি কেটে ইটভাটায় মাটি আনার জন্য এভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এভাবে অপরিকল্পিতভাবে আড়ি বাঁধের কারণে বর্ষা মওসুমে ঐ এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টির আশংকা করা হচ্ছে। স্থানীয় লোকজন জানায়, বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি তার ভাড়া করা লোকজন দিয়ে গত ২১ নভেম্বর খালটি ভরাট করে বাঁধ নির্মাণ করে। স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে তিনি তোয়াক্কা না করে বাঁধ নির্মাণ করতে থাকেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল ভরাট করা দুই শ্রমিককে আটক করে। পরে শ্রমিকরা খালের মধ্যে আর বাঁধ নির্মাণ করবে না বলে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পায়। এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা ইত্তেফাককে বলেন, খালের মধ্যে অবৈধভাবে বাঁধ নির্মাণের খবর পেয়ে তিনি সেখানে দ্রুত পুলিশ পাঠান। পরে পুলিশ বাঁধ নির্মাণ বন্ধ করে দেন।