তালায় গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৪
তালায় পরকীয়া প্রেমে বাধা দেয়ায় দু’সন্তানের জননী নার্গিস বেগম (২৬) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার গৌরীপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। নিহত গৃহবধূর পিতা হেকমত আলী শেখ জানান, প্রতিবেশী এক মহিলার সঙ্গে তার জামাতার কয়েক বছর ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। প্রতিবাদ করায় রেজাউল ইতিপূর্বে কয়েকবার নার্গিসকে মারপিট করে। এ নিয়ে কয়েকবার শালিসী বৈঠকও হয়। বুধবার সন্ধ্যায় একই ঘটনায় বিরোধের কারণে নার্গিসকে রেজাউল ও তার বাড়ির লোকজন মারপিট করে। চিকিত্সার জন্য বাপের বাড়িতে পাঠানোর কথা বললে রাত ৮টার দিকে তাকে দ্বিতীয় দফায় মারপিট করা হয়। অবস্থা খারাপ দেখে একপর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়।