নেত্রকোনা সাবেক এমপি হত্যার আসামি আবার রিমান্ডে
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক এমপি মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের হত্যা মামলার আসামি আয়েশা খাতুন ও মাসুদ রানাকে হাজির করে অধিকতর তদন্তের জন্য পুলিশ ৩ দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবারকার রিমান্ড সহ চারবার আসামিদের রিমান্ডে নেয়া হলো।
উল্লেখ্য যে, গত ২৫ সেপ্টেম্বর সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ।
তালায় দায়িত্বপূর্ণ শাসন ব্যবস্থা নিয়ে কর্মশালা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে ইউপি সদস্যদের দায়িত্বপূর্ণ শাসন ব্যবস্থা বিষয়ক দু’দিনের কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। উত্তরণ আপার প্রকল্প’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ এজাহার আলী। ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন উত্তরণ কর্মকর্তা এ্যাডঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী ও খন্দকার ইয়াছিন বিল্লাহ। কর্মশালায় আশাশুনি ও তালার ৭ ইউনিয়নের ২৩ জন নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন নারী অধিকার বিষয়ক এক কর্মশালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে ঢাকা ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র চকবাজারে অবস্থিত ঢাকা ব্যাংকের ৬৪তম এই শাখা ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান।
ঢাকা ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক সৌমিত্র কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মাঝে এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, পারটেস্ক গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, অধ্যাপক এম এ সামাদ, ব্যবসায়ী দীল মোহাম্মদ দীলু প্রমুখ।
ভালুকায় আদিবাসীদের মানববন্ধন,স্মারকলিপি
ভালুকা সংবাদদাতা \ ১৬ দফা দাবিতে বৃহস্পতিবার সকালে ভালুকায় মানববন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করে ভালুকা উপজেলার আদিবাসী সম্প্র্রদায়ের লোকজন। স্মারকলিপিতে আদিবাসীদের ছেলেমেয়েদের শিক্ষা ও উপবৃত্তি প্রদান, ভূমি অধিকার, খাস জমি বন্দোবস্ত, অর্পিত সম্পত্তি অবমুক্তি, উচ্চ শিক্ষা ও চাকুরীতে মাতৃভাষা চালুর দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আধিবাসী নেতা বিরেন্দ্র সাংমা, জন সাংমা, সুনিল চন্দ্র বম্মন, তরুণী কান্ত বম্মন ও ফনিসন সাংমা প্রমুখ ।
রাজৈরে যুবকের লাশ উদ্ধার
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের বাটিয়ারকান্দার একটি খাল থেকে পুলিশ গতকাল শুক্রবার সাহেবআলী বেগ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেন। সাহেবআলীর ৪/৫ দিন পর লিবিয়ায় যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকালে বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার থেকে পরদিন তিনি নিখোঁজ ছিলেন। নিহত সাহেবআলী এ গ্রামের এলেম উদ্দিন বেগের পুত্র।
গৌরীপুর হাসপাতালে কর্মবিরতি
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মননিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার গভীর রাতে গ্রিল কেটে ও জানালা ভেঙ্গে ওষুধ লুটের ঘটনা দেখে ফেলায় ডাকাতরা এম্বুলেন্স চালক মাসুদুজ্জামান মাসুদ মিয়াকে (৪০) কুপিয়ে গুরুত্বর আহত করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে।
আড়াইহাজারে মাদক প্রতিরোধে সভা
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার উপজেলা ফেয়ার সোসাইটির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলা হাসপাতাল মিলনায়তনে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক বাদল আহাম্মেদ, ফেয়ার সোসাইটির কর্মকর্তা মোশাররফ হোসেন, তমাল খান, নুরুল আমিন, সাজোয়ার হোসেন, ফারুক আহমেদ, মোঃ শাহজাহান, জয়নাল মেম্বার, বি এম জোবায়ের আহমেদ, মনির হোসেন, শাহ আলম প্রমুখ।
সুন্দরগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সুশীল কুমার সরকার সভাপতি নির্বাচিত হন।
রায়পুর মার্চেন্টস একাডেমীর মতবিনিময়
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গতকাল শুক্রবার রায়পুর মার্চেন্টস একাডেমী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬ জানুয়ারি বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পূর্তি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এখন প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কাজ চলছে। নাজমুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জজ মনিরুদ্দিন পাটওয়ারী, রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বেল্লাল হোসেন ভুঁইয়া, অধ্যাপক শামছুদ্দীন আহমেদ দেওয়ান, অধ্যক্ষ মামুনুর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটওয়ারী।
নোয়াখালী অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মীভূত
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কের জামে মসজিদ মোড়ে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও ২টি দোকান আশিংক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে। রাতে জামে মসজিদের মোড়ে মদিনা গার্ডেন মেট্রেস দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী আবদুল্যা মাইক সার্ভিস ও আর্ট সেন্টার, আরজু সাইকেল মার্ট, বিসমিল্লাহ মেট্রেস আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
কিশোরগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা দহবন্ধ গ্রামে সামপ্রতিক সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৪টি পরিবারের মাঝে বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) এ এ মারুফ সাকলানের প্রতিনিধি আব্দুল কাভিইউ পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন এস এম মোশারফ হোসেন বাবু ।
মিরপুরের তিন মুক্তিযোদ্ধাকে অর্থ প্রদান
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ ঢাকার ‘জেগে আছি’ সংগঠনের পক্ষ থেকে কুষ্টিয়া মিরপুর উপজেলায় গতকাল শুক্রবার মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩ অসহায় মুক্তিযোদ্ধাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রাপ্ত ৩ মুক্তিযোদ্ধা হলেনঃ কাদের আলী ওরফে খেদের আলী, সাহেব আলী ও শেখ মানিক হার। অর্থ প্রদান অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক হুমায়ূন কবির হিমু’র সঞ্চালনে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল করীম, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বজিত্ বিশ্বাস ও জেগে আছি সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক ২০০০-এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ নুহু।
মতলবে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকা থেকে নিখোঁজের ৪দিন পর এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি দারুছালাম নূরানী হাফেজিয়া মাদ্রাসার পশ্চিম-দক্ষিণ পাশের ডোবা থেকে মাছুম বিল্লাহ (৮) নামে নিখোঁজ হওয়া ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদ্রাসার বাবুর্চি জাকির হোসেনকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
