বুধবার রাতে ও বৃহস্পতিবার বেগমগঞ্জের গোপালপুর বাজারে চা খাওয়া নিয়ে বাদানুপাদের জের ধরে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বাজারের ৪টি দোকান ভাংচুর এবং পার্শ্ববর্তী গ্রামের দুই বাড়িতে ভাংচুর ও লুটতরাজ হয়। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শী ও বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপি সমর্থিত সোহেল ও আওয়ামী লীগ সমর্থিত মিন্টু চা খেতে গেলে কাকে আগে চা দেবে এ নিয়ে দু’জনের মধ্যে তর্কের জের ধরে বুধবার রাতে বিএনপি সমর্থিতরা দলবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগ সমর্থিতদের ওপর হামলা করলে সংঘর্ষ বেধে যায়। বৃহস্পতিবার সকালেও উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়। বেগমগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা হলে পুলিশ বিএনপি’র স্থানীয় নেতা সাজুসহ তিনজনকে গ্রেফতার করে।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থিতরা বিনা কারণে এ তাণ্ডব চালালেও পুলিশ তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। শুক্রবারও আওয়ামী লীগ সমর্থিতরা অস্ত্র নিয়ে বাজারে বিএনপি সমর্থিতদের দোকানপাট ভাংচুর ও মারধর করছে। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত আওয়ামী লীগ নেতা, কর্মী ও সমর্থিতদের ওপর হামলা করে ভাংচুর, লুটতরাজ ও আহত করে।
