সেফহোমে কিশোর-কিশোরীদের শিকলবন্দি করে রাখা অমানবিক

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩০
সেফহোমে কিশোর-কিশোরীদের শিকল বন্দী করে রাখাটা খুবই অমানবিক বলে ফরিদপুরে এক মতবিনিময় সভায় বিচারকগণ অভিমত ব্যক্ত করেছেন। শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে মহিলা ও শিশু হেফাজতিদের নিরাপদ আবাসন (সেফহোম) নিবাসীদের কার্যকর মানসম্মত ও টেকসই সেবা নিশ্চিতকরণে এবং আইনি সহায়তা দেয়ার জন্য বিচারক, পিপি, এপিপি ও আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় এ অভিমত দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের স্পেশাল জজ (জেলা জজ) মো. শফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ হোসেন মিয়া, পিপি অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু ও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। সভায় বিচারকদ্বয় ফরিদপুরে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত সরকারি সেফহোমে চার জন কিশোরকে আবাসন ও টয়লেট সমস্যার কারণে মানবেতরভাবে পায়ে শিকল দিয়ে বন্দী করে রাখার তীব্র সমালোচনা করেন।