মাদ্রিদে ফ্যালকাও-রোনালদোর লড়াই !

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩১
রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ আজ শনিবার স্যান্তিয়েগো বার্নাব্যুতে লড়াই করতে নামবে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে। তবে এই লড়াই ছাপিয়ে সবার দৃষ্টি চলে যাবে অ্যাথলেটিকোর কলাম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও ও মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোয়। ফ্যালকাওয়ের সুযোগ গোল করে রোনালদোকে পেছনে ফেলার। ক্লাবের লড়াইয়ে বাইরে গোলের প্রতিযোগিতায় রোনালদোর নাগালের বাইরে চলে যাচ্ছেন মেসি। মেসি-রোনালদো দ্বৈরথের রোমাঞ্চকর আলো এখন অন্যদিকে। মেসি ১৯ গোল করে লা লিগায় গোলদাতাদের তালিকায় এক নম্বরে। সেখানে দ্বিতীয়স্থানে থাকা রোনালদোর গোল সংখ্যা ১২টি। আর ফ্যালকাও তৃতীয় অবস্থানে রয়েছে ১১টি গোল করে। ১৫ মাসের মধ্যে ফ্যালকাও অ্যাথলেটিকোয় আকর্ষণীয় ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আজ দেখা যাবে রোনালদোর আলো নিজের দিকে টেনে নিতে পারেন কিনা ফ্যালকাও। সবমিলিয়ে ১৩ ম্যাচে ১৪ গোল তার। বার্সেলোনা লা লিগায় ১৩ রাউন্ডের খেলা শেষে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে। সমান ম্যাচ খেলে অ্যাথলেটিকো মাদ্রিদ (৩৪) তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে। রিয়াল মাদ্রিদ তৃতীয়স্থানে রয়েছে ২৬ পয়েন্ট অর্জন করে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনার পয়েন্ট দূরত্ব ১১ পয়েন্ট। চলতি মৌসুমে বার্সেলোনার শুরুটা চমত্কার হয়েছে। ক্যাটালানরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। রিয়াল মাদ্রিদ তো আগের ম্যাচে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে গেল। সেখানে বার্সেলোনা গত সপ্তাহে লেভেন্তেকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। অ্যাথলেটিকো মাদ্রিদ সমান ব্যবধানে হারায় সেভিয়াকে। বার্সেলোনার প্রতিপক্ষ আজ অ্যাথলেটিকো বিলবাও। আত্মবিশ্বাসের তুঙ্গে ফ্যালকাও। শনিবার তিনি জয় ভিন্ন অন্য কিছু ভাবতে পারছেন না। তিনি বলেন, ‘আমরা কখনো ভাবিনা যে ড্র ভাল ফলাফল হতে পারে। আমরা সবসময় জিততে চাই এবং চ্যালেঞ্জ গ্রহণ করি পাল্টা আক্রমণ করে। সচেতনভাবে লক্ষ্য থাকতে হবে জয়ের এবং আপনার প্রতিপক্ষকে হারাতে হবে।’ ফ্যালকাওয়ের অসাধারণ নৈপুণ্যে আগ্রহ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুর্দান্ত ও শক্তিধর দল ম্যানচেস্টার সিটি ও চেলসির। ফ্যালকাওয়ে ভর করে গত বছর ইউরোপা লিগও জয় করে অ্যাথলেটিকো মাদ্রিদ। চলতি বছরের আগস্টে উয়েফা সুপার কাপও অ্যাথলেটিকোর। ২০১১ সালে পর্তুগালের পোর্তোর হয়ে ইউরোপা লিগ জয় করেন ফ্যালকাও। গত মৌসুম অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম মৌসুম ছিল ফ্যালকাওয়ের। ২৪ গোল করেছিলেন গতবার তিনি। রোনালদো করেছিলেন ৪৬টি। কিন্তু চলতি মৌসুমে ফ্যালকাও আরো দুরন্ত। ‘এল টাইগ্রে’ (টাইগার) খ্যাত ফ্যালকাও কলাম্বিয়ার হয়েও দুর্দান্ত খেলছেন। ছয় বিশ্বকাপ বাছাই ম্যাচে পাঁচ গোল করেছেন। ১৯৯৮ সালের পর কলাম্বিয়া আবারো বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে। এদিকে প্রচণ্ড চাপে রয়েছে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শিরোপা দৌড়ে ১১ পয়েন্ট পেছনে। সমর্থকরা অখুশি মরিনহোর ওপর। আর তাই মরিনহোর জন্য বড় চ্যালেঞ্জ আজকের ডার্বি। মরিনহোকে নিয়ে স্থানীয় মিডিয়ায় অনেক গুজব রয়েছে। মরিনহো দাবি করেন খেলোয়াড় ও বোর্ডের সবার সাথে সম্পর্ক ভালো। মরিনহো বলেন, ‘আমরা যেভাবে কাজ করি তা ঠিক আছে। আমি আগেও এভাবে করে এসেছি। খেলোয়াড় ও ক্লাবের সাথে সম্পর্ক ভালো।’ আজ এছাড়া গেটাফে ও মালাগা এবং ভ্যালেন্সিয়া-রিয়াল সোসিদাদ মুখোমুখি হবে। লা লিগায় আজ গেটাফে মালাগা ভ্যালেন্সিয়া রিয়াল সোসিদাদ বার্সেলোনা অ্যাটলেটিকো বিলবাও রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ