বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ ২৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিটিসেল ২৬তম জাতীয় সাতারে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে বিকেএসপি।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে গতকাল শুক্রবার শেষ হওয়া তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় ১২টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক তুলে নেয় সেনাবাহিনী। ১৯৮৭ সালের পর এবারই দলটি জাতীয় সাতারে শ্রেষ্ঠত্ব দেখালো।
বিকেএসপি ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ১৬টি ব্রোঞ্জ পদক পায়। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান দখল করে।
সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ এবারের আসরে দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। রেকর্ড দুটির জন্য পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সিটিসেল এর পক্ষ থেকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
জাতীয় সাতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ (এনডি) এনডিসি, পিএসসি। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিসেল এর হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স এবং পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ ও সুমন ভট্টাচার্য (হিউম্যান রিরোর্সেস ডিরেক্টর)।
