চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে শনিবার ভোররাতে বালু ভর্তি একটি ট্রাক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে স্কুলে ঢুকে পড়ে। এতে স্কুলের প্রধান গেট দুমড়ে মুচড়ে যায়। ক্ষতি হয় একটি ক্লাস রুম ও একটি দোকানের। রাতে স্কুলটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ট্রাক চালক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত ট্রাক চালক পাবনার ঈশ্বরদী উপজেলার মানু বিশ্বাসের ছেলে আকতার বিশ্বাস। জানা গেছে, শনিবার ভোররাতে বালু ভর্তি একটি ট্রাক চাটমোহর-ফরিদপুর সড়কের চাটমোহর পৌর শহরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ঢুকে পড়ে। স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন জানান, এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জানান, চালক সম্ভবত ঘুমিয়ে যাওয়ার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে।
