মোহামেডান এককভাবে শীর্ষে

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৪৩
ঢাকা মোহামেডান ১৬ পয়েন্ট নিয়ে আলট্রা মিল্ক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের অষ্টম রাউন্ডের খেলা শেষে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে দুরন্ত রাজশাহী আছে দ্বিতীয় স্থানে। তিতাস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং একসেস গ্রুপ চেস ক্লাব ১০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। গতকাল শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি টাওয়ার) অডিটোরিয়ামে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ৩.৫-০.৫ পয়েন্টে একসেস গ্রুপ চেস ক্লাবকে পরাজিত করে। মোহামেডানের পক্ষে গ্র্যান্ডমাস্টার মিখাইল মচেডলিশভেলী, গ্র্যান্ডমাস্টার মেরাব গাগুনাশভিলি ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর যথাক্রমে একসেস গ্রুপের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন। একসেস গ্রুপের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেন। দুরন্ত রাজশাহী ৪-০ পয়েন্টে ডেসটিনি ২০০০ লিমিটেডকে পরাজিত করে। দুরন্ত রাজশাহীর পক্ষে গ্র্যান্ডমাস্টার দিমিত্রি কোকারভ, গ্র্যান্ডমাস্টার ক্রাভসিভ মার্টিন, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান যথাক্রমে ডেসটিনি ২০০০ এর আমিনুল ইসলাম পলাশ, উতেন, আহমেদুল হক এবং সাঈদ আহমেদকে পরাজিত করেন। তিতাস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে ফরাশগঞ্জ স্পোটিং ক্লাবকে পরাজিত করে। তিতাসের পক্ষে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ফরাশগঞ্জের সাইফুল ইসলাম চৌধুরীকে পরাজিত করেন। তিতাসের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং গোলাম মোস্তফা ভুঁইয়া যথাক্রমে ফরাশগঞ্জের সিদ্দিকুর রহমান, আব্দুল মোমিন ও হারুনুর রশিদের সাথে ড্র করেন। নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব পয়েন্টে ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে পরাজিত করে। প্রিতম-প্রিজমের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় চৌধুরী, আন্তর্জাতিক মাস্টার অর্ঘ্যদীপ দাস, মনির হোসেন ও সোহেল চৌধুরী যথাক্রমে ফেইথের নাসিরউদ্দিন মাহমুদ, মাসুদুর রহমান বারী, মোহাম্মদ সিরাজুল কবীর এবং এএসএম নাসেরকে পরাজিত করেন। বাংলাদেশ বিমান ২-২ পয়েন্টে এয়ার ডেসটিনি লিমিটেডের সাথে ড্র করে। আজ শনিবার সকাল ১১ টা থেকে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলাগুলো হচ্ছেঃ তিতাস ক্লাব বনাম দুরন্ত রাজশাহী, প্রিতম-প্রিজম বনাম ফরাশগঞ্জ, একসেস গ্রুপ বনাম ফেইথ চেস, এয়ার ডেসটিনি বনাম ঢাকা মোহামেডান এবং ডেসটিনি ২০০০ বনাম বিমান। ষষ্ঠ বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতার খেলা আগামী ৫ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টা থেকে দাবা কক্ষে শুরু হবে। সকল বয়সী মহিলা ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত এবং অংশ নিতে কোন ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহী মহিলা ও বালিকাদের ৪ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হয়েছে। প্রতিযোগিতা সাত রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। খবর বিজ্ঞপ্তির