গজালিয়া উচ্চ বিদ্যালয়

মাঠ সংরক্ষণের দাবিতে একাডেমিক ভবনের নির্মাণ কাজ বন্ধ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৪৭

 

লামা (বান্দরবান) সংবাদদাতা

উপজেলার গজালিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় দুই শতাধিক তরুণ-তরুণী-কিশোর-কিশোরী। গজালিয়া ইউনিয়নের যুব সমাজের ব্যানারে দুই শতাধিক যুবক মাঠ সংরক্ষণের দাবিতে শনিবার সকালে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য করা বেইজ মাটি দিয়ে ভরাট করে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য মেমার্স সিভিও ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করে। গজালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ সংরক্ষণের আন্দোলনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়, গজালিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ প্রাঙ্গণ গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। এই ইউনিয়নের ছাত্রছাত্রী, কিশোর-কিশোরী এবং যুব সমাজ এই মাঠটি ব্যবহার করে। বর্তমানে খেলার মাঠে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করায় মাঠটি হারিয়ে যাবে। এ জন্য বিকল্প জায়গায় একাডেমিক ভবন নির্মাণ করা জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলিগণ উপস্থিত থেকে মাঠের পশ্চিম পাশে ভবনের লে-আউট প্রদান করেছে। ঠিকাদারের লোকজন গত ৩ দিন ধরে ভবনের বেইজ নির্মাণের কাজ শুরু করেছে। শনিবার সকালে দুই শতাধিক তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ভবনের বেইজ ঢালাই-এর জন্য করা গর্ত মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা জানান, বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের মধ্যে ভবন নির্মাণ করতে আমরা চেয়েছিলাম। কিন্তু ঐ জায়গায় ভবন সংকুলান হচ্ছে না। যে কারণে মাঠের পশ্চিম পাশে ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। ওই জায়গায় ভবন নির্মাণ করলে মাঠের ছয় সাত ফুট জায়গা নষ্ট হবে। তবে মাঠের জন্য ব্যবহার করা ৮০ শতক জায়গাও বিদ্যালয়ের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুনি জানান, বিষয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি।