মাদকদ্রব্য অধিদপ্তরের ৩ জনকে ঘুষের টাকাসহ পুলিশে দিলেন এমপি

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৫৭
গতকাল শুক্রবার পটিয়ার মুন্সেফ বাজারে এক মাদকসেবীকে টাকা নিয়ে ছেড়ে দেয়ার চেষ্টার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ তিনজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় এমপি সামশুল হক চৌধুরী । ধৃতরা হলেন পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই কবির উদ্দিন, সিপাহী জয়নন্দ বড়ুয়া ও আজাদ উদ্দিন। এ সময় জয়নন্দ বড়ুয়াকে চ্যালেঞ্জ করে ঘুষের পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। থানা সূত্র জানায়, গতকাল সকালে পটিয়ার দারোগা হাট ও বোয়ালখালীর করলডেঙ্গা এলাকা হতে খলিল ও সুমন দাশ নামে দুই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া অফিসে নিয়ে আসা হয়। এ সময় সুমন দাশকে ছেড়ে দিতে ২০ হাজার টাকা দাবি করা হয়। সুমন দাশ বাড়িতে ফোন করলে তার কাকা পরিমল দাশ ৫ হাজার টাকা এনে সিপাহী জয়নন্দ বড়ুয়াকে দেন। আর ১৫ হাজার টাকা দাবি করা হলে পরিমল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে বিষয়টি স্থানীয় এমপি সামশুল হক চৌধুরীকে জানালে তিনি পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অফিসে এসে ঘুষের পাঁচ হাজার টাকা উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের পটিয়া থানায় নিয়ে যায়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম শামশুজ্জামানসহ অন্য নেতাকর্মীরা এমপির সাথে ছিলেন। পটিয়া সার্কেল এএসপি শফিকুল ইসলাম জানান, তাদের জামাই আদরে রাখার জন্য গ্রেফতার করা হয়নি। তাদের হাজতে রাখার জন্য ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে পরিমল দাশ মামলা করেছেন।