বিশ্বের ধনী-গরীব সকল দেশের জন্যই কার্বন গ্যাস উত্পাদন হ্রাস বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বক্তারা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বিরোধী দিবস পালন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা এ দাবি জানিয়ে বলেন, ধারণার চেয়ে অনেক বেশি মাত্রায় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে। অবারিত গ্রিন হাউজ গ্যাস উত্পাদনই এর অন্যতম কারণ। এ থেকে বাঁচতে হলে বাতাসে গ্যাসের মাত্রা ৩৫০ পিপিএম এ সীমিত রাখতে হবে। তারা বলেন, আগামী এক দশকে এক হাজার কোটি টন গ্যাস নির্গমন হ্রাস করতে হবে, কোনভাবেই বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রীর বেশি বাড়তে দেয়া যাবে না। এটি কমানো সম্ভব না হলে অদূর ভবিষ্যতেই ডুবে যাবে বাংলাদেশের উপকূলীয় জেলাসহ বিশ্বের অনেক জনপদ, এমনকি মালদ্বীপের মত ছোট রাষ্ট্র।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিরোধী কর্মসূচি (বিসিসিসি)-এর যৌথ উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে “ন্যায়ভিত্তিক জলবায়ু নিশ্চিত কর! গ্রিন হাউস গ্যাস নিঃস্বরণ বন্ধ কর! ক্ষতিগ্রস্ত দেশসমূহকে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাপার যুগ্ম সম্পাদক জে. কে. বড়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থপতি ইকবাল হাবিব, রুহিন হোসেন প্রিন্স, কামরুল আহসান খান, হাসান ইউসুফ খান, এম সিরাজুল ইসলাম মোল্লা, জাবেদ জাহান প্রমুখ।
