প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিরোধী দলীয় নেতাই বলতে পারবেন কে কোথায়, কোন ষড়যন্ত্র করছে। সরকার দেশে জরুরি অবস্থা সৃষ্টির পরিবেশ তৈরির পাঁয়তারা করছে, বেগম খালেদা জিয়ার এমন অভিযোগের বিষয়ে হানিফ একথা বলেন। তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেতা ঐ ষড়যন্ত্রের সাথে আছেন কিনা তা ভেবে দেখার বিষয়। হানিফ আরো বলেন, বিএনপি-জামায়াত একই সূত্রে গাঁথা ও একে অপরের পরিপূরক। বিএনপি পাকিস্তানের এজেন্ট আর জামায়াত পাকিস্থানী রাজনীতি আদর্শের ধারক-বাহক। এই দুই দল একসাথে রাজনীতি করবে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা কৌশল ও কর্মসূচি গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে হানিফ বলেন, নির্বাচনের এখনো বছর খানেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে অনেক রাজনৈতিক দলের অবস্থানগত পরিবর্তন হতে পারে। আর সেই পরিবর্তনের মধ্যদিয়েই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিবে। গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সাথে বৈঠক করার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি দলীয় নেতাদের সাথে বৈঠক করেন। এসময় দলীয় নেতাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্কিট হাউজে দলীয় বৈঠকশেষে হানিফ কুষ্টিয়া চিনিকলে ২০১২-১৩ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করেন।
