প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় পরিচয় পাওয়া যাওয়া নিহতদের প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে দিচ্ছেন। একই সঙ্গে এ দুই ঘটনায় আহতদের জন্য ৫০ হাজার করে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ সহায়তা দেয়া হবে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল ইত্তেফাককে এ তথ্য জানান।
মাহবুবুল হক শাকিল জানান, ওই দুই ঘটনায় এ পর্যন্ত পরিচয় পাওয়া যাওয়া নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ তহবিল থেকে দুই লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করেছেন। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী বরাদ্দ করেছেন। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নিশ্চিন্তপুরে আগুনে ১১০ পোশাককর্মীর মৃত্যু হয়, যাদের মধ্যে ৫৩ জনের পরিচয় পাওয়া যায়নি। একইদিন চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে নিহত হয় ১৩ জন।
