হলমার্ক ঘটনায় ব্যবস্থাপনার দুর্বলতা ছিল :অর্থমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২২:২৫
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সারা দুনিয়ায় ব্যাংকে ছোটখাটো ব্যাংকিং সমস্যা হয়েই থাকে। সমপ্রতি হলমার্কের যে ঘটনা ঘটলো সেখানে ব্যাংকের ব্যবস্থাপনার কিছু দুর্বলতা ছিল। এছাড়া রাজনৈতিক কোন কারণও থাকতে পারে। অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া ব্যাংকের জন্য ভালো নয়। ব্যাংকের ব্যবস্থাপনার দুর্বলতার কারণে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। বেসিক ব্যাংক খেলাপি ঋণ ৫ শতাংশে নামিয়ে আনার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। গতকাল শুক্রবার সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় বেসিক ব্যাংকের ৫৭তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহযোগিতা করার জন্য। ব্যাংকটি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বিগত সরকারের আমলে অব্যবস্থাপনার জন্য ব্যাংক পরিচালনায় কিছু সমস্যা হয়েছিল। তবে বর্তমান পরিচালনা পর্ষদ এ সমস্যা কাটিয়ে এখন সঠিক পথেই অগ্রসর হচ্ছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমেদ, জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল, ব্যবসায়ী শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।